রুনা লায়লার সংগীতযাত্রার উদযাপন হবে অস্ট্রেলিয়ায়

রুনা লায়লা তার সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। তার এই বর্ণাঢ্য সংগীতযাত্রা উদ্‌যাপন হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। খ্যাতিমান এই শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবেন আরেক বাংলাদেশি কণ্ঠশিল্পী ইমন চৌধুরী ও ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।

আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিতব্য এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’। ভিডিও বার্তায় এই কনসার্টে গান পরিবেশন করার বিষয়টি নিশ্চিত করেছেন রুনা লায়লা। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন তিনি। আর মেলবোর্নে এটিই হতে যাচ্ছে তার প্রথম পরিবেশনা।

অন্যদিকে আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামে আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনি ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ। আগামী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন রুনা লায়লা।