আগামীকাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ঈদের ছুটি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সোমবার থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি পর্যন্ত বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে পূর্বনির্ধারিত আবশ্যিক পরীক্ষাগুলো নেওয়া যাবে।
একই সময়ে বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৈঠকে পবিত্র রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যানজট ও জনভোগান্তি নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় ছুটি ও কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে সরকার আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। তবে এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত হওয়ায় এবার ঈদের ছুটিতে টানা সাত দিন বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত।
ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারি স্কুলের সঙ্গে সমন্বয় করে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।