শেফিল্ডের নাটকীয় জয়ে নজর কাড়লেন হামজা
নতুন ক্লাবে যোগ দেওয়ার ২৪ ঘণ্টাও পেরোয়নি। এর মধ্যেই শুরুর একাদশে জায়গা করে নিয়ে পুরো ম্যাচ খেললেন হামজা চৌধুরী। আর অভিষেকেই রাখলেন নিজের ছাপ। বাংলাদেশের তারকাকে সঙ্গে নিয়ে নাটকীয় এক প্রত্যাবর্তনে শেফিল্ড ইউনাইটেড তুলে নিল চলতি মৌসুমের লিগে নিজেদের প্রথম জয়।
মঙ্গলবার ব্রামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৯৩তম মিনিটের গোলে জয় নিশ্চিত করে ব্লেডসরা।
শেফিল্ডে স্থায়ীভাবে যোগ দেওয়ার মাত্র একদিন পরই হামজাকে সরাসরি শুরুর একাদশে রাখেন কোচ ক্রিস ওয়াইল্ডার। মাঝমাঠে দায়িত্ব পাওয়া ২৮ বছর বয়সী এই ফুটবলারও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন শান্ত, পরিশ্রমী ও গোছানো পারফরম্যান্সে।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। এক মিনিট না পেরোতেই জাভিয়ের সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে সেই ধাক্কা সামলে মাত্র তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে শেফিল্ড। চতুর্থ মিনিটে গোল করেন জাফেত তানগাঙ্গা।
উত্তেজনাপূর্ণ শুরুর সেই সময়টায় মাঝমাঠে হামজার উপস্থিতি শেফিল্ডকে স্থির থাকতে সাহায্য করে। বল পায়ে যেমন আত্মবিশ্বাসী ছিলেন, তেমনি রক্ষণেও ছিলেন কার্যকর। পুরো ম্যাচে ৫০টি পাসের মধ্যে ৪৫টি সফল করেছেন, অর্থাৎ পাসিং নির্ভুলতার হার ছিল ৯০ শতাংশ। চারবার ট্যাকলে গিয়ে চারবারই সফল হয়েছেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে শেফিল্ড। ৬৭ মিনিটে স্যাম ডালবির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বোল্টন। কিন্তু এবারও দ্রুত জবাব দেয় স্বাগতিকরা। মাত্র এক মিনিট পর, ৬৮তম মিনিটে প্যাট্রিক বামফোর্ড গোল করে ম্যাচে ফেরান শেফিল্ডকে।
এরপর ম্যাচ এগোতে থাকে ড্রয়ের দিকেই। কিন্তু নির্ধারিত সময়ের পর নাটক জমে ওঠে আরও। ৯৩তম মিনিটে রোমেল ডোনোভান গোল করে বসেন। তার সেই শেষ মুহূর্তের গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় শেফিল্ড ইউনাইটেডের।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১৪তম স্থান থেকে চার ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড।