সাফ চ্যাম্পিয়নশিপ: আলাদা গ্রুপে বাংলাদেশ-ভারত

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হিসেবে বাংলাদেশ পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানকে। আসরের অন্যতম ফেভারিট ভারত পড়েছে আলাদা গ্রুপে।

‘বি’ গ্রুপে ভারত লড়বে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ফিফার নিষেধাজ্ঞা থাকায় এবারের সাফে নেই নেপালের নাম। তবে নেপালের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে সাফ কর্তৃপক্ষ। ফিফা নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে বাংলাদেশের গ্রুপে যোগ দেবে নেপাল। নেপাল যুক্ত হলে বাংলাদেশের গ্রুপকেও সহজ বলার উপায় থাকবে না।

ভুটানের থিম্পুতে আজ বিকেলে সংক্ষিপ্ত আয়োজনে অনুষ্ঠিত হয় সাফের ড্র। স্বাগতিক হিসেবে বাংলাদেশকে একটি পট ও এই অঞ্চলের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দল থাকায় ভারত পায় আলাদা পট। কাজেই দুই দলের একই গ্রুপে পড়ার সম্ভাবনা ছিল না।

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার পুরুষদের সবচেয়ে বড় ফুটবল আসর। ১৭ নভেম্বর হবে ফাইনাল। এর আগে ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ।

দুই গ্রুপ থেকে একে অন্যের মুখোমুখি হয়ে সেরা দুটি দল করে যাবে সেমিফাইনালে।