পে-স্কেল

১৯৭৩ সালে ১৩০ টাকা দিয়ে শুরু, সর্বনিম্ন মূল বেতন এখন ২০ হাজার

প্রথম গ্রেডের মূল বেতন প্রথমবারের মতো ছাড়িয়েছে লাখ টাকা
মহিউদ্দিন আলমগীর
মহিউদ্দিন আলমগীর

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পর সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন এখন ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। স্বাধীনতার পরপর দেশের প্রথম পে-স্কেলে সর্বনিম্ন বেতন ছিল মাত্র ১৩০ টাকা।

১৯৭৩ থেকে ২০২৬, এই ৫৩ বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ও বেড়েছে। এ সময়ে দেশের মাথাপিছু আয় প্রায় ১১০ ডলার থেকে বেড়ে ৩ হাজার ২০ ডলার হয়েছে।

স্বাধীনতার দুই বছর পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের লড়াইয়ের মধ্যেই ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল।

এক দশকের বেশি সময় পর সম্প্রতি মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদিত হয়েছে। 

এই পে-স্কেলে সর্বনিম্ন গ্রেডের (২০তম গ্রেড) প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। শতাংশীয় পয়েন্টে এই গ্রেডেই সর্বোচ্চ ১৪২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। অন্যদিকে, ১ম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ৭৮ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রথমবারের মতো এক লাখ টাকার ঘর অতিক্রম করল।

পে কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালের পর সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো আটবার পরিবর্তন করা হয়েছে:

দ্বিতীয় পে-স্কেল (১৯৭৭): এই স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৭৩ শতাংশ বেড়ে ২২৫ টাকা এবং সর্বোচ্চ বেতন ৫০ শতাংশ বেড়ে ৩ হাজার টাকা হয়।

তৃতীয় পে-স্কেল (১৯৮৫): সে সময় সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটাই বেতন বাড়ানো হয়েছিল। সর্বনিম্ন গ্রেডের বেতন ১২২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন দ্বিগুণ হয়ে ৬ হাজার টাকায় দাঁড়ায়।

চতুর্থ পে-স্কেল (১৯৯১): ছয় বছর পর সর্বনিম্ন বেতন ৮০ শতাংশ বাড়িয়ে ৯০০ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় ৬৭ শতাংশ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়।

পঞ্চম পে-স্কেল (১৯৯৭): সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন যথাক্রমে ৬৭ ও ৫০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫০০ ও ১৫ হাজার টাকা।

ষষ্ঠ পে-স্কেল (২০০৫): এই স্কেলে সর্বোচ্চ মূল বেতন প্রথমবারের মতো ২০ হাজার টাকা ছাড়ায়। প্রথম গ্রেডে ৫৩ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ২৩ হাজার টাকা। সেবার সর্বনিম্ন বেতন ৬০ শতাংশ বেড়ে হয়েছিল ২ হাজার ৪০০ টাকা।

সপ্তম পে-স্কেল (২০০৯): মাত্র চার বছরের মাথায় সর্বনিম্ন বেতন ৭০ দশমিক ৮৩ শতাংশ বাড়িয়ে ৪ হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৩ দশমিক ৯১ শতাংশ বাড়িয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

অষ্টম পে-স্কেল (২০১৫): এটি ছিল ওই সময় পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন। তখন সর্বনিম্ন গ্রেডের মূল বেতন দ্বিগুণেরও বেশি (১০১ দশমিক ২২ শতাংশ) বেড়ে ৪ হাজার ১০০ থেকে ৮ হাজার ২৫০ টাকা হয়। আর সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৯৫ শতাংশ বেড়ে ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা করা হয়েছিল।