চোট নিয়ে সন্দেহ, তদন্তের মুখে পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ভরাডুবির মধ্যে এবার নতুন করে বিতর্কে জড়ালেন ওপেনার ইমাম-উল-হক। চোটের কারণে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যাট করতে না পারার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ইমামের চোট আসলেই কতটা গুরুতর ছিল, তা নিয়েই উঠেছে প্রশ্ন। বিষয়টি এখন তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। সফরকারী দলের প্রধান কোচ ও বোলিং কোচকেও সরিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ইমামের চোট নিয়ে নতুন বিতর্ক পাকিস্তান ক্রিকেটের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান দল জানিয়েছিল, প্রথম দিনের ফিল্ডিংয়ের সময় কাফ পেশিতে চোট পেয়েছেন ইমাম। পরে স্ক্যানে পেশিতে ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ফলে সফরের বাকি অংশ থেকে ছিটকে যান এই ওপেনার। কিন্তু দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যাট করতে না নামায় তার চোটের ধরন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

পাকিস্তানের চার সদস্যের জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ সরাসরিই জানিয়েছেন, ইমামের চোটের বিষয়টি তদন্ত করা হবে। মঙ্গলবার রাতে জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।'

ইমামের চোটের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে আকিব আরও বলেন, 'পেশিতে টান লাগার পর দুই ইনিংসেই আপনি কীভাবে ব্যাট করতে নামতে পারলেন না? চোট তো হতেই পারে। অতীতে আমরা এমন ঘটনাও দেখেছি, যেখানে খেলোয়াড়রা এমনকি প্লাস্টার নিয়েও মাঠে নেমে খেলার চেষ্টা করেছেন। কিন্তু এই পরিস্থিতি ভিন্ন। এটি অত্যন্ত উদ্বেগের বিষয় এবং তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার আগে আইনি পরামর্শও নিতে পারেন ইমাম। পিটিআইকে দেওয়া এক সূত্রের ভাষ্য, 'ইমাম বড় সমস্যায় পড়েছেন। বোর্ডের তদন্ত কমিটির সামনে তাকে যখন হাজির হতে হবে, তখন তিনি আইনি পরামর্শও নিতে পারেন।'

ইমামের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের পুরোনো এক বক্তব্য সামনে আসায়। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ চলাকালে দলের তৎকালীন ফিজিও ক্লিফ ডিকন ইমামের চোটের ধরন নিয়ে তাকে সতর্ক করেছিলেন। ফলে এবারের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা কি না, সেটিও তদন্তের অংশ হতে পারে।