দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছয়টি দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলটির সামনে থাকা ছয়টি দোকানের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ চলছিল।
দোকানগুলো নজরুল হলের সামনে হওয়ায় ওই হলের শিক্ষার্থীরা মালিকানা দাবি করে আসছিলেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরাও দোকানগুলোর মালিকানা ছাড়তে রাজি ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুস সাত্তার জয় বলেন, দুই হলের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে দোকানগুলো নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাবে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান বলেন, আহত নয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র চিকিৎসাধীন।