সরকারি নিয়োগে ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে চবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, চবি

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষায় (ভাইভা) বরাদ্দকৃত নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

তারা আশঙ্কা প্রকাশ করেন, এর মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগের পরিবর্তে রাজনৈতিক পরিচয়, স্থানীয় প্রভাবসহ অন্যান্য বিষয় গুরুত্ব পেতে পারে।

মানববন্ধন থেকে তারা ভাইবায় নম্বর বাড়ানোর বিরুদ্ধে নানা স্লোগানও দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদনান বলেন, ভাইভায় অতিরিক্ত নম্বর রাখলে নিয়োগে রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাব কাজে লাগানোর সুযোগ তৈরি হয়। এতে বৈষম্য ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। তাই এই ব্যবস্থা বাতিল করতে হবে।

চাকসু সহসভাপতি (ভিপি) ইব্রাহিম রনি বলেন, ‘হাসিনা সরকারের আমলের নিয়োগপ্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সংস্কার করেছিল। এখন ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে আবারও রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে লোক নিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। আমরা মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানাই।’