চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি শুরু হবে।
এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৯ জানুয়ারি 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩০ জানুয়ারি 'এ' ইউনিট, ৫ ফেব্রুয়ারি 'বি' ইউনিট ও ৬ ফেব্রুয়ারি 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, ‘বি-১’ সাব-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ সাব-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি ও ‘ডি-১’ সাব-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তারিখগুলোতে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চবি, ঢাবি ও রাবি ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে। তবে বি-১, বি-২ ও ডি-১ সাব-ইউনিটের পরীক্ষাগুলো শুধু চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।