শিক্ষার্থীদের জন্য বাস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, চবি

বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য পৃথক বাস চালু করতে যাচ্ছে। এ জন্য জসিম উদ্দিন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়কে ১০টি নতুন বাস দেওয়ার লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন জানান, আজ সোমবার উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

এই ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের জন্য এবং আটটি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আটটি বাসের মধ্যে চারটি ছাত্রদের জন্য এবং চারটি ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে।

প্রবাসী ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন তার প্রতিষ্ঠানের পক্ষে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাসান মিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাসান মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ছয়টি বাস দেওয়ার কথা থাকলেও আজকের সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয় মোট ১০টি নতুন বাস পাবে। বাসগুলো আসার পর রুট নির্ধারণ করা হবে।’

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট দূর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন এবং এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’