বিএনপির জীবা আমিনের প্রার্থিতা বহাল, ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খানের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেন নির্বাচন কমিশন (ইসি)। ফলে জীবা আমিনের প্রার্থিতা বহাল থাকছে।
অন্যদিকে সরকারি চাকরি থেকে ইস্তফার তিন বছর পার না হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে ইসি। ফলে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলই থাকছে।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন ছিল। আপিল শুনানি শুরু হয় বেলা ১১টায়। শেষ হয় দুপুর ১২টায়।
আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তার মনোনয়ন বাতিল থাকল।
ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মনিরা শারমিন।
জীবা আমিন খানের প্রার্থিতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, জীবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদনটি যথাযথ হয়নি। আপিলকারী প্রার্থী না হওয়ায় ওই আপিল আবেদন খারিজ করা হয়েছে। ফলে তার প্রার্থিতা বহাল থাকবে।
এদিকে বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করেছিলেন চন্দ্রা চাকমা। আজ ইসিতে এই আপিল নিয়েও শুনানি হয়। তবে আপিল আবেদন খারিজ হয় বলে জানান চন্দ্রা চাকমা। ফলে মাধবী মার্মার মনোনয়নপত্র বৈধ থাকল।
শুনানি শেষে চন্দ্রা চাকমা সাংবাদিকদের বলেন, শুনানিতে বলা হয়েছে, আপিল আবেদনকারীকে সংক্ষুব্ধ প্রার্থী হতে হবে, ব্যক্তি না। এটা আইনে আছে বলে আমাকে বলা হয়েছে। এ কারণে আমার করা আপিলটি গ্রহণ হয়নি। এখন আমরা হাইকোর্টে যাব।