ঢাকা-১৭: তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান ও দলীয় প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন প্রার্থী।

আজ বুধবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে এই চারজনের দুইজন সরাসরি উপস্থিত ছিলেন এবং বাকিরা ফোনের মাধ্যমে তাদের সমর্থনের কথা জানান।

এর আগে, মোরগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে তারেক রহমানের প্রতি তার সমর্থন ঘোষণা করেন।

২০১৪–২০১৮ মেয়াদে এ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ আজ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেন।

তিনি বলেন, এই মুহূর্তে এই নির্বাচনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির জয়ী হওয়া প্রয়োজন। সাম্প্রদায়িক শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমি উপলব্ধি করেছি, আমার প্রার্থিতা জাতীয়তাবাদী শক্তির ভোট বিভক্ত করবে। সেই বিবেচনায় আমি তারেক রহমানকে সমর্থন করছি।

তিনি আরও বলেন, ‘আমি আমার সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. শামীম আহমেদও তার সমর্থন ঘোষণা করে বলেন, ধানের শীষে দেওয়া ভোটই তার প্রতি সমর্থন হিসেবে গণ্য হবে।

আনারস প্রতীকের বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ও আপেল প্রতীকের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মনজুর হুমায়ুন বর্তমানে ঢাকার বাইরে থাকায় ফোনে তারেক রহমানের প্রতি সমর্থন জানান।