বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানির কোচের পদ ছাড়ছেন নাগেলসম্যান!
২০২৬ বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর জার্মানি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান পদ ছাড়তে যাচ্ছেন বলে দাবি করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম বিল্ড। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ৩৮ বছর বয়সী এই কোচ দায়িত্ব ছাড়তে সম্মত হয়েছেন।
বিল্ড নিজেদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার একটি 'গোপন বৈঠক' অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই নাগেলসম্যান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি করেছে পত্রিকাটি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা।
এদিকে এ বিষয়ে জানতে চেয়ে বার্তা সংস্থা রয়টার্সের পাঠানো ই-মেইলের জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের শেষ বত্রিশে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হারের কারণ ব্যাখ্যা করার পর নাগেলসম্যানকে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়। পদ ছাড়লে ক্ষতিপূরণ হিসেবে তিনি প্রায় ৭০ লাখ ইউরো (প্রায় ৮০ লাখ মার্কিন ডলার) পাবেন বলেও জানিয়েছে বিল্ড।
গত সোমবার বোস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর এবারও হতাশা কাটাতে পারেনি তারা। টানা তৃতীয় বিশ্বকাপেই ব্যর্থতার মুখ দেখল জার্মানরা।
সবশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের চতুর্থ শিরোপা জিতেছিল জার্মানি।
২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়া নাগেলসম্যান বিশ্বকাপের নকআউট পর্বে গত চার দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী কোচ ছিলেন। তবে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর তিনি স্পষ্ট জানিয়েছিলেন, শুধুমাত্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কারণে পদত্যাগ করার মানুষ তিনি নন।
সেই সময় নাগেলসম্যান বলেছিলেন, 'আমি এমন মানুষ নই, যে শুধু বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছি বলেই বলব, "আমি পদত্যাগ করছি।"'
তবে বিল্ড-এর দাবি সত্যি হলে, সেই অবস্থান থেকে সরে এসে খুব শিগগিরই জার্মানির কোচের দায়িত্ব ছাড়তে পারেন নাগেলসম্যান।