ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আদেশে ৭৩ বছর বয়সী ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি শহীদ ওয়াহিদ বলেন, ‘মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই আদেশ দিচ্ছি।’

ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। এতে হৃদরোগ, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞসহ ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক থাকবেন।

ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে রাখার নির্দেশনাও রয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আদালতের আদেশকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ‘এটি আরও আগে হলে ভালো হতো। তার চোখ ও স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।’

এ সময় ইমরানের সমর্থক ও নেতাকর্মীদের হাসপাতালের বাইরে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে রয়েছেন।

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং সেসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। 
দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছিল পরিবার ও দল।

তার আইনজীবীদের দাবি, কারাগারে থাকা অবস্থায় ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ বিষয়ে দেশটির তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।