অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন সালাহ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় স্বস্তির খবর পেয়েছে মিসর। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পথে থাকা অধিনায়ক মোহামেদ সালাহ মঙ্গলবার দলের অনুশীলনে আংশিকভাবে অংশ নিয়েছেন। এতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ ড্রয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে। এরপর থেকেই তার নকআউট পর্বে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার অনুশীলন মাঠে তার প্রত্যাবর্তন সেই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেনে অনুশীলনরত মিসর দলের সঙ্গে হাস্যোজ্জ্বল সালাহর কয়েকটি ছবি প্রকাশ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘দ্য কিং ইজ ব্যাক’ অর্থাৎ, ‘রাজা ফিরে এসেছেন’।

সালাহর অনুশীলনে ফেরা মিসরের জন্য সময়োপযোগী এক সুখবর। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি গ্রুপ পর্বে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পিছনে থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।

৩৪ বছর বয়সী সালাহ এবারও মিসরের আক্রমণভাগের প্রধান ভরসা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি একটি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।