হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’

লিওনেল মেসি মাঠে নামবেন, আর জাদু দেখাবেন না, এমনটা খুব কমই দেখা গেছে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্ব মঞ্চে আরও একবার দেখালেন। ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে শুধু আর্জেন্টিনাকে উড়ন্ত সূচনাই এনে দেননি, ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও। এমন এক স্মরণীয় রাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

কানসাস সিটির গ্যালারিতে বসে মেসির খেলা উপভোগ করেছেন আন্তোনেলা এবং তাদের তিন ছেলে থিয়াগো মেসি, মাতেও মেসি এবং সিরো মেসি। মাঠে মেসির প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলেন তারা। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আর্জেন্টিনা অধিনায়কের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার প্রকাশ করেন আন্তোনেলা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'চলো আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!'

আন্তোনেলার এই সংক্ষিপ্ত বার্তাই দ্রুত ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। কারণ এটি শুধু একজন সমর্থকের প্রশংসা নয়, বরং এমন একজন মানুষের অনুভূতি, যিনি মেসির পুরো ক্যারিয়ারজুড়ে সবচেয়ে কাছ থেকে তার সংগ্রাম, সাফল্য এবং আবেগের সাক্ষী হয়ে আছেন।

বিশ্বকাপে মেসির পরিবারের উপস্থিতি এখন যেন এক পরিচিত দৃশ্য। ২০২২ কাতার বিশ্বকাপের মতো এবারও গ্যালারিতে ছিলেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান। ২০১৮ সালে জন্ম নেওয়া ছোট ছেলে সিরো প্রথমবারের মতো বাবার বিশ্বকাপ যাত্রা দেখেছিল কাতারে। আর এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও পরিবারের সমর্থন পেয়েই শুরু করলেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।