মেয়ের জন্মের মুহূর্ত মিস করে বিশ্বকাপের মঞ্চে কিম
বিশ্বকাপের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জীবনের অন্যতম মূল্যবান একটি মুহূর্ত মিস করতে হয়েছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউকে। চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা এই অভিজ্ঞ ফুটবলার নিজের প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি। আর সেই আক্ষেপ নিয়েই এখন উত্তর আমেরিকায় বিশ্বকাপ অভিযানে নেমেছেন তিনি।
৩৫ বছর বয়সী এই গোলরক্ষক আশা করছেন, এবারও দক্ষিণ কোরিয়ার জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দলের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। তবে টুর্নামেন্ট শুরুর আগে ব্যক্তিগত জীবনের একটি কষ্টের কথাও জানিয়েছেন কিম।
মেক্সিকোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে না পারায় আমি সত্যিই খুব দুঃখিত। এখান থেকে ভালো ফল নিয়ে দেশে ফিরতে চাই। সেটাই হবে তাদের জন্য আমার উপহার।'
বর্তমানে জাপানের ক্লাব এফসি টোকিওতে খেলছেন কিম। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান কোচ হং মিয়ং-বো গোলরক্ষকের পজিশনে জো হিউন-উর চেয়ে কিমকেই বেশি ভরসা করতে পারেন।
জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৮৬টি ম্যাচ খেলেছেন কিম। বিশ্বকাপের অভিজ্ঞতাও তার কম নয়। তবে এবারের আসরকে তিনি বিশেষভাবে দেখছেন।
কিম বলেন, 'প্রতিটি বিশ্বকাপেই আমি ভেবেছি, হয়তো এটিই আমার শেষ বিশ্বকাপ। কিন্তু এখন আমার বয়সের কথা বিবেচনা করলে সত্যিই মনে হচ্ছে, এটাই শেষবার।'
গ্রুপ ‘এ’-তে দক্ষিণ কোরিয়ার অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকো। অভিজ্ঞ কিমের লক্ষ্য, ব্যক্তিগত ত্যাগকে সার্থক করে দেশের জন্য স্মরণীয় কিছু অর্জন করা।