এমএলএসে গোল না পেলেও বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা নেই সনের

স্পোর্টস ডেস্ক

গোল পাচ্ছেন না, তবু উদ্বিগ্ন নন সন হিউং-মিন। মেজর লিগ সকারে এখন পর্যন্ত গোলের দেখা না পেলেও দক্ষিণ কোরিয়ার অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপে সময়মতোই গোল আসবে, যদি তিনি দলের জন্য নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেন।

একসময় টটেনহ্যামের হয়ে ইংল্যান্ডের সবচেয়ে ভয়ংকর গোলদাতাদের একজন ছিলেন সন। তবে লস অ্যাঙ্গেলসে যোগ দেওয়ার পর চলতি এমএলএস মৌসুমে এখনও গোল করতে পারেননি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দক্ষিণ কোরিয়া দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উটাহ ক্যাম্পে যোগ দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সিকে সন বলেন, 'অনেকেই চিন্তিত, কিন্তু আমি তখনই চিন্তিত হই যখন মনে হয় আমি ভালো খেলছি না। এখন আমি সেটা মনে করি না।'

তিনি আরও বলেন, 'শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি। অন্য কিছু সাক্ষাৎকারে মজা করে বলেছিলাম, হয়তো বিশ্বকাপের জন্যই গোল জমিয়ে রাখছি।'

জাতীয় দলের হয়ে ১৪২ ম্যাচে ৫৪ গোল করেছেন সন। এর মধ্যে আগের তিনটি বিশ্বকাপেও করেছেন তিন গোল। এবারের আসরে আর একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

সনের ভাষায়, 'আমি যদি সবসময় দলকে সবার আগে রাখি এবং কীভাবে দলকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি সেটাই ভাবি, তাহলে গোল স্বাভাবিকভাবেই আসবে। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এভাবেই খেলেছি, এই মানসিকতা বদলাবে না।'

‘তেগুক ওয়ারিয়র্স’ নামে পরিচিত দক্ষিণ কোরিয়া টানা ১১তম বিশ্বকাপে খেলতে যাচ্ছে। চার বছর আগে কাতারে শেষ ষোলো পর্যন্ত উঠেছিল তারা, পরে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয়।

এবার গ্রুপ পর্বে সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। ১১ জুন গুয়াদালাহারায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

বিশ্বকাপের আগে উটাহতে অনুশীলন ক্যাম্প করছে দক্ষিণ কোরিয়া। সনের মতে, দল এখন ভবিষ্যৎ নিয়ে বড় বড় কথা না বলে ছোট ছোট বিষয় নিখুঁত করার দিকেই মনোযোগ দিচ্ছে।

তিনি বলেন, 'অবশ্যই আমরা আগের বিশ্বকাপের চেয়ে ভালো করতে চাই। কিন্তু ভবিষ্যৎ কেউ জানে না। অন্য দলগুলোও কঠোর প্রস্তুতি নিচ্ছে। তাই ফলাফল নিয়ে কথা বলার চেয়ে প্রতিদিন নিজের সেরাটা দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'