বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে ১,০০০ ডলার দিতে পারবেন না ট্রাম্প
২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে ফিফার ওপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখার জন্য ১,০০০ ডলার (বা তার বেশি) খরচ করতে তিনি রাজি নন।
২০২৫ সালের ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পকে দেখা গিয়েছিল। ওই ম্যাচে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি।
টিকিটের উচ্চমূল্য নিয়ে নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, ‘দাম যে এত বেশি তা আমার জানা ছিল না। সত্যি বলতে, আমি সেখানে থাকতে চাই, কিন্তু এত টাকা দিয়ে টিকিট কিনব না।’
আগামী জুনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিটের দাম নিয়ে মার্কিন আইনপ্রণেতা এবং ফুটবল ভক্তদের বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। 'ফুটবল সাপোর্টার্স ইউরোপ' বিষয়টিকে সমর্থকদের সঙ্গে 'চরম বিশ্বাসঘাতকতা' হিসেবে বর্ণনা করেছে।
ট্রাম্পের আশঙ্কা, টিকিটের দাম বেশি হওয়ায় সাধারণ আয়ের মানুষ গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ হারাবে। তিনি বলেন, ‘কুইন্স বা ব্রুকলিনের সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে, তারা যদি মাঠে যেতে না পারে তবে আমি হতাশ হব।’
নিজের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আনার কৃতিত্ব দাবি করে তিনি আরও বলেন, ‘আমি চাই যারা আমাকে ভোট দিয়েছেন, তারা যেন খেলা দেখার সুযোগ পান।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক থাকলেও, ইনফান্তিনো টিকিটের দামের পক্ষেই সাফাই গেয়েছেন। তিনি জানান, এবার টিকিটের চাহিদা অভাবনীয়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে যেখানে ৫ কোটির কম আবেদন ছিল, সেখানে ২০২৬ বিশ্বকাপের জন্য এখনই ৫০ কোটির বেশি আবেদন জমা পড়েছে। তবে তিনি দাবি করেছেন, গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের দাম ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। গত বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে দামি টিকিটের অফিশিয়াল দাম ছিল প্রায় ১,৬০০ ডলার, আর ২০২৬ আসরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১,০০০ ডলারে।