মস্কোতে মার্কিন সামরিক বিমান, জানে না রাশিয়া

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করেছে। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

আজ মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে মস্কোয় অবতরণ করে বিমানটি।

ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি গত ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে লাটভিয়ার রাজধানী রিগায় পৌঁছায়। এরপর সেখান থেকে সরাসরি মস্কোতে অবতরণ করে বিমানটি।

বিমানটিতে কোনো পণ্য বা যাত্রী ছিল কিনা, তা যাচাই করতে পারেনি রয়টার্স।

এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি বিমান ইউরোপ থেকে রাশিয়ায় পৌঁছায়।

ওই ফ্লাইটে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা করতে মস্কোয় গিয়েছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

তবে ক্রেমলিন জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।