প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই: আপনার যা জানা প্রয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। হাতে চারটি ম্যাচ বাকি থাকতে আর্সেনাল বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সামান্য সুবিধাজনক অবস্থানে। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা ৩ পয়েন্টে এগিয়ে থাকলেও পেপ গার্দিওলার শিষ্যরা গানারদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।
এই সপ্তাহান্তের শুরুতে দুই দলই পয়েন্ট ও গোল ব্যবধান— উভয় ক্ষেত্রেই সমান অবস্থানে ছিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার (১৯৯৮-৯৯ মৌসুমের পর) ঘটল, যেখানে মৌসুমের এই পর্যায়ে এসে সমান সংখ্যক ম্যাচ খেলে শীর্ষ দুই দল পয়েন্ট ও গোল ব্যবধানে সমতায় ছিল।
শনিবার রাতে অবশ্য পয়েন্ট তালিকায় এগিয়ে গেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ৩৪ ম্যাচ খেলে মিকেল আর্তেতার শিষ্যদের অর্জন ৭৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ম্যান সিটির নামের পাশে রয়েছে ৭০ পয়েন্ট।
এফএ কাপের ব্যস্ততার কারণে ম্যান সিটি এই সপ্তাহে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ খেলবে না। তারা শনিবার রাতে সাউদাম্পটনকে ২-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে।
আগামী ২ মে প্রিমিয়ার লিগে ফুলহামকে আতিথ্য দেবে আর্সেনাল। সেই ম্যাচ জিতলে তারা ব্যবধান ৬ পয়েন্টে বাড়িয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। এর দুই দিন পর সিটিজেনরা যাবে এভারটনের মাঠে খেলতে। তবে তাদের হাতে একটি ম্যাচ বাড়তি রয়েছে— ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে স্থগিত হওয়া ম্যাচটির তারিখ এখনও নির্ধারিত হয়নি।
যদি পয়েন্ট সমান হয় তবে কী ঘটবে?
যদি উভয় দলই তাদের অবশিষ্ট সব ম্যাচে জয়লাভ করে, তবে তারা সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করবে। এমন পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ হ্যান্ডবুকের (নিয়ম সি.১৭) টাইব্রেকার পদ্ধতি অনুযায়ী জয়ী নির্ধারিত হবে। ধাপগুলো হলো যথাক্রমে: গোল ব্যবধান, গোল সংখ্যা (কে কত গোল করেছে), মুখোমুখি লড়াইয়ের পয়েন্ট, মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে করা গোল এবং যদি এরপরও সব সমান থাকে, তবে একটি প্লে-অফ ম্যাচ।
বর্তমান পরিসংখ্যান ও সমীকরণ
পার্থক্য খুবই সামান্য। আর্সেনাল এখন পর্যন্ত ৬৪টি গোল করেছে এবং ২৬টি গোল হজম করেছে। ফলে তাদের গোল ব্যবধান +৩৮। অন্যদিকে, ম্যান সিটি ৬৬টি গোল করেছে এবং ২৯টি গোল হজম করেছে। তাই তাদের গোল ব্যবধান +৩৭। যদি মোট গোল সংখ্যা বিবেচ্য হয়, তবে সিটি (৬৬-৬৪ ব্যবধানে) সামান্য এগিয়ে আছে।
যদি উভয় দলের পয়েন্ট, গোল ব্যবধান ও গোল সংখ্যা— সবই সমান হয়, তবে ম্যান সিটি শিরোপা জিতবে। কারণ, চলতি মৌসুমে মুখোমুখি লড়াইয়ে আর্সেনালের ১ পয়েন্টের বিপরীতে তারা ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। গত সেপ্টেম্বরে এমিরেটস স্টেডিয়ামে দুই দলের প্রথম লড়াই ১-১ সমতায় শেষ হয়েছিল। আর গত সপ্তাহে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছিল সিটি।
ফলে টাইব্রেকার পদ্ধতির শেষ দুটি নিয়মের (মুখোমুখি লড়াইয়ের প্রতিপক্ষের মাঠে করা গোল ও প্লে-অফ ম্যাচ) প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ব্যস্ত সূচি
লিগের বাইরেও উভয় ক্লাবকে ব্যস্ত ও কঠিন সূচি মোকাবিলা করতে হচ্ছে। আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। আগামী ২৯ এপ্রিল ও ৫ মে তারা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে। অন্যদিকে, ম্যান সিটি পৌঁছে গেছে এফএ কাপের ফাইনালে। আগামী ১৬ মে ওয়েম্বলিতে তারা চেলসি অথবা লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে।
ঘরোয়া ও ইউরোপিয়ান প্রতিযোগিতার এই ঠাসা সূচির মাঝে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই সব মিলিয়ে এক নাটকীয় সমাপ্তির দিকে যাচ্ছে।