প্রথমবার তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতারই ফাইনালে উঠল ইংলিশ ক্লাবগুলো
ইতিহাস গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। প্রথমবারের মতো একই মৌসুমে তিনটি ভিন্ন ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে উঠল তারা। আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর অ্যাস্টন ভিলা উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ও ক্রিস্টাল প্যালেস উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল নিশ্চিত করল।
গত মঙ্গলবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটে আর্সেনাল। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ প্রতিযোগিতায় ভিলা ও প্যালেস একই পথ অনুসরণ করে।
প্রথম লেগে ১-০ গোলে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভিলা। দ্বিতীয় লেগে ঘরের মাঠে আরেক ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে তারা। এর মাধ্যমে দলটি ৪-১ ব্যবধানের অগ্রগামিতায় আগামী ২০ মে ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ জার্মান বুন্দেসলিগার দল ফ্রাইবুর্গ। ভিলার কোচ উনাই এমেরি পাঁচবার ইউরোপা লিগের ফাইনালে উঠে চারবার শিরোপা জিতেছেন।
ভিলার সাফল্যের পাশাপাশি প্যালেসও দারুণ অর্জনের স্বাদ নিয়েছে। প্রথম লেগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ইউক্রেনিয়ান ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। আগামী ২৭ মে কনফারেন্স লিগের ফাইনালে তারা স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে। পাঁচ বছর আগে এই প্রতিযোগিতার সূচনা হয়। এটি ১৯৯৯ সালে উয়েফা কাপ উইনার্স কাপ বিলুপ্ত হওয়ার পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তৃতীয় প্রতিযোগিতায় রূপ নিয়েছে।
গত মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর তিনটি ফাইনালে পৌঁছানোর ইতিহাস প্রায় হয়েই গিয়েছিল। চেলসি কনফারেন্স লিগের শিরোপা জিতেছিল এবং ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল টটেনহ্যাম হটস্পার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা শেষ ইংলিশ দল আর্সেনাল সেমিফাইনালে ফরাসি লিগ ওয়ানের পরাশক্তি পিএসজির (যারা পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়) কাছে হেরে বিদায় নেয়।
ইতালিয়ান সিরি আর ক্লাবগুলোকে এর আগে বেশ কয়েকবার তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালেই দেখা গেছে। এর সবশেষটি ছিল ২০২২-২৩ মৌসুমে। যদিও সেবার তারা তিনটি ফাইনালেই হেরেছিল— চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে ইন্টার মিলান, ইউরোপা লিগে সেভিয়ার কাছে এএস রোমা ও কনফারেন্স লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ফিওরেন্তিনা।
তবে ১৯৮৯-৯০ মৌসুমে অর্থাৎ ইতালিয়ান ফুটবলের অন্যতম সেরা সময়ে সিরি আর ক্লাবগুলো তিনটি প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার এসি মিলান উঁচিয়ে ধরেছিল ইউরোপিয়ান কাপের (বর্তমান চ্যাম্পিয়ন্স) শিরোপা। এছাড়া, ফিওরেন্তিনাকে হারিয়ে জুভেন্তাস উয়েফা কাপ এবং সাম্পদোরিয়া কাপ উইনার্স কাপ জিতেছিল।
১৯৮৫-৮৬ মৌসুমে স্প্যানিশ ক্লাবগুলোও তিনটি ফাইনালে পৌঁছেছিল। সেবার রিয়াল মাদ্রিদ উয়েফা কাপ জিতেছিল। তবে বার্সেলোনা ইউরোপিয়ান কাপের ফাইনালে ও অ্যাতলেতিকো কাপ উইনার্স কাপের ফাইনালে হেরে গিয়েছিল।