আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
সাম্প্রতিক সময়ের চরম হতাশাজনক পারফরম্যান্সের কারণে চলমান 'বাংলাদেশ ফুটবল লীগ' মৌসুমের মাঝপথেই বড় রদবদল আনলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড । দলের প্রধান কোচ জনাব আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্লাবটির পরিচালনা পর্ষদ।
রোববার (১২ এপ্রিল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর (স্পোর্টস) মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আলফাজকে ছাঁটাই করার তথ্য নিশ্চিত করা হয়েছে। কোচ পরিবর্তনের পাশাপাশি দলের নতুন দায়িত্ব বণ্টনের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আলফাজের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টু। একই সাথে, ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে 'টিম লিডার' হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহামেডান ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবটিকে রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন করেছে। দলের এমন আশানুরূপ ফলাফল না হওয়ায় ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা এবং অগণিত সমর্থকেরা মর্মাহত হওয়ার পাশাপাশি গভীর অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই দলকে পুনরায় ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত করতেই এই সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
সাবেক জাতীয় দলের স্ট্রাইকার আলফাজ ২০২২-২৩ মৌসুমে শন লেনের প্রস্থানের পর মোহামেডানের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন, যার অধীনে তিনি এর আগে তিন বছর সহকারী হিসেবে কাজ করেছিলেন।
তীব্র আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ৫২ বছর বয়সী এই কোচ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। প্রধান কোচ হিসেবে নিজের প্রথম মৌসুমেই মতিঝিল ভিত্তিক ক্লাবটিকে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জেতান তিনি, যেখানে ফাইনালে আবাহনীকে পরাজিত করে মোহামেডান। এ ছাড়া গত বছর তিনি এই ঐতিহাসিক ৯০ বছরের পুরনো ক্লাবটিকে তাদের প্রথম পেশাদার লিগ শিরোপাও এনে দেন, যার মাধ্যমে বসুন্ধরা কিংসের আধিপত্যের অবসান ঘটে।
তবে চলতি মৌসুমে ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরে গেছে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে মোহামেডান, যারা রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট ওপরে রয়েছে। তাদের সবশেষ বিপর্যয়টি আসে গত শুক্রবার আবাহনীর কাছে ২-১ গোলের হারে—যা এই মৌসুমে লিগে তাদের পঞ্চম পরাজয়।
অবশ্য 'সাদা-কালো' শিবির এখনো ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২১ এপ্রিল কুমিল্লার ঘরের মাঠে তারা লড়াইয়ে নামবে ধুঁকতে থাকা আরামবাগের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই হয়তো তারা শেষ আটে জায়গা করে নেবে।