এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে শান্ত

ক্রীড়া প্রতিবেদক

জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য পূর্ন শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশ। চমক হিসেবে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে নাহিদ রানার না থাকা ছিলো অনুমিত। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে।  

আসন্ন ২০তম আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে পাঁচ টেস্ট খেলুড়ে দেশই সেরাদের নিয়ে নামতে যাচ্ছে। ভারত ও পাকিস্তানের পূর্ণ শক্তির দল দেখে তাই মূল দলই পাঠাচ্ছে বাংলাদেশ। 

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। 

ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে শান্তকে। যিনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালের মে মাসে। 

লিটনের সঙ্গে টপ অর্ডারে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। অলরাউন্ডার ও স্পিন বিভাগে ভরসা জোগাবেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।