তাহলে লিটনকে নিয়ে দূর হলো সংশয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে স্রেফ ৫৪ রানে গুটিয়ে যাওয়ায় সেই প্রশ্ন আরও জোরদার হয়েছে। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে লেট-মিডল অর্ডারের ভরসা লিটন দাসের ফিট হয়ে ওঠাটা ছিল সবচেয়ে জরুরি। ডারউইন টেস্টের আগে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান শেষ পর্যন্ত সেই স্বস্তির খবরই দিলেন।
বৃহস্পতিবার থেকে ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। 'ম্যাচ ডে মাইনাস টু'-এর অনুশীলন সেশন ছিল সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। এদিন চোট কাটিয়ে ফেরা লিটনের অবস্থার দিকে বাড়তি কৌতূহল ছিল টিম ম্যানেজমেন্টের। তার অবস্থা বুঝেই দলের কৌশল ও একাদশ নির্ধারণের ব্যাপার ছিলো।
বাংলাদেশের এই কিপার-ব্যাটার স্কিল অনুশীলনে ব্যাটিং পর্ব আগেই শুরু করেছিলেন। কিপিং ড্রিলের সেশনও করেছেন। তবে পুরো তীব্রতা নিয়ে ম্যাচের দুদিন আগে অনুশীলনের পর কিপিং নিয়ে যেটুকু সংশয় ছিল, তাও দূর হয়ে গেছে। ক্যাচিং ড্রিলের সময় কিপিং গ্লাভস হাতে পুরোপুরি সাবলীল ছিলেন তিনি, তার মুভমেন্টেও কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি।
পরে গণমাধ্যমকে আশিক বলেন, ‘স্লিপ ক্যাচ ড্রিলের সময় আপনারা লিটনকে উইকেটকিপিং করতে দেখেছেন এবং তার মুভমেন্ট খুবই ভালো। আলহামদুলিল্লাহ।’
গত ১৪ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে পেশির চোটে পড়েন লিটন। চোট ব্যবস্থাপনায় কিছু বিভ্রান্তির কারণে অনুমিত সময়ের বেশ পরে মাঠে ফেরা হচ্ছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে কোনো সংস্করণেই খেলা হয়নি তার। শুরুতে ডারউইন টেস্টের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে ফিটনেসের নাটকীয় উন্নতিতে টেস্ট দলে ফেরেন বাংলাদেশ দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটার। এবার মূল মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় তিনি।