শ্রীলঙ্কায় নিষিদ্ধ হলো মুসলিম নারীদের মুখ ঢাকা পোশাক
ইস্টার সানডেতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর মুসলিম নারীদের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটিতে জারি করা জরুরি আইনের ক্ষমতাবলে সরকার আজ এই নিষেধাজ্ঞা দিয়েছে।
বিলাসবহুল হোটেল ও চার্চে প্রার্থনারত লোকজনের ওপর জঙ্গি হামলায় জড়িতদের ধরতে এখন শ্রীলঙ্কাজুড়ে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো। হামলাকারীদের সম্ভাব্য সহায়তাকারীদের খোঁজেও চিরুনি অভিযান চলছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটিতে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, “মুখ ঢাকা থাকে এমন সব ধরনের পোশাক নিষিদ্ধ করা হয়েছে। এটা রাষ্ট্রপতির আদেশ এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”
শ্রীলঙ্কা সরকার বলেছে, ২১ এপ্রিলের হামলাকারীরা নতুন করে আরও হামলার ছক কষছে। তাদের আশঙ্কা, গাড়ি বা সামরিক বাহিনী ছদ্মবেশে জঙ্গিরা হামলা করতে পারে।
অন্যদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এক বিবৃতিতে বলেছেন, বোরকা নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় আইনের খসড়া প্রস্তুত করার জন্য তিনি আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার ওলামাদের শীর্ষ সংগঠন ‘অল সিলন জামিয়াতুল উলামা’। তবে তারা এটাও বলেছে, নিরাপত্তার জন্য স্বল্প মেয়াদে এই নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও আইনের মাধ্যমে একে দীর্ঘমেয়াদে বাস্তবায়নের চেষ্টা হলে বিরোধিতা করা হবে।