বনশ্রীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাজেদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রীর ডি-ব্লক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সাজেদুল দক্ষিণ বনশ্রীর ওমর আলী লেনে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল লতিফ।
‘সাজেদুল স্কুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই সাজেদুল নিহত হন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা গাড়িচালককে মারধর করেন,’ জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’