প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য এআইবিষয়ক কর্মশালা

স্টার অনলাইন রিপোর্ট

ব্যবসা ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ দুই দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করেছিল।

গত ১৮ ও ১৯ জুন অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা জানায়, ব্যবসায়িক ক্ষেত্রে এআইয়ের বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি ছিল কর্মশালার মূল লক্ষ্য।

১৮ জুন বিবিএ শিক্ষার্থীদের জন্য ‘এআই ফর বিজনেস গ্র্যাজুয়েটস’ এবং ১৯ জুন এমবিএ শিক্ষার্থীদের জন্য ‘এআই ফর বিজনেস প্রফেশনালস’ শীর্ষক পৃথক সেশন অনুষ্ঠিত হয়।

দুই সেশনেই রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ‘কাজী কনসালট্যান্টসের’ সিনিয়র কনসালট্যান্ট ও এআই প্রশিক্ষক কাজী তাফসিরুল ইসলাম। তিনি ব্যবসা, নেতৃত্ব, কর্মপদ্ধতি এবং প্রতিযোগিতামূলক পরিবেশে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জুলফিকার আলী।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ব্যবসায় শিক্ষা শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। ডেটা অ্যানালিটিকস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম), সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ের মতো ক্ষেত্রে চ্যাটজিপিটি, মিডজার্নি এবং বিভিন্ন প্রেডিক্টিভ এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই এসব বিষয়কে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কর্মশালার সার্বিক সমন্বয়ে ছিলেন বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও প্রভাষক শিশির দাস এবং এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মো. মোবারক করিম।

কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাজী তাফসিরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকদের দাবি, শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালাটির প্রতি আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। বক্তাদের মতে, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বৈশ্বিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।