নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে রাজনৈতিক শালীনতা দেখিনি: এ্যানি
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে রাজনৈতিক শালীনতা দেখেননি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
নাসীর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।
আজ শনিবার প্রেসক্লাবে ‘নোঙর’ আয়োজিত জাতীয় নদী দিবস ২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, 'নাসীরুদ্দীন পাটোয়ারীকে নির্বাচনের আগ থেকেই দেখে আসছি। রাজনীতিতে যে শিষ্টাচার ও শালীনতা থাকা উচিত, তা তার বক্তব্যে কখনো খুঁজে পাইনি।'
'তিনি এমন অনেক মন্তব্য করেন, যেখানে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর কথা আছে,' বলেন এ্যানি।
মন্ত্রী আরও বলেন, 'তিনি অস্ত্রশস্ত্র নিয়ে ঝিনাইদহে গেছেন। তার সঙ্গে যারা ছিলেন, তারা একসময় দেশের ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করেছিল।'
আলোচনা সভায় দেশের নদী ও খাল রক্ষায় দূষণ ও অবৈধ দখল রোধে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন পানিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, 'পানিই আমাদের জীবন, আবার পানির অভাবেই মরণ। পানি দূষিত হলেও আমাদের মরণ। নদী, খাল ও পানি সম্পদকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এগুলো রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।'
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, 'কোনো তাড়াহুড়ো করে নয়, বরং দেশের স্বার্থে এবং তিস্তাপাড়ের ৫ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে এটি বাস্তবায়ন করা হবে। বিগত সরকারের অবহেলায় তিস্তা ব্যারেজের কাজ শেষ হয়নি।'
'পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩টি ইউনিট গত ৩ মাস ধরে তিস্তা পাড়ে কাজ করছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে,' বলেন তিনি।
মন্ত্রী বলেন, 'মাত্র ৩ মাসের মাথায় সরকারের প্রতিটি কাজ নিয়ে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে, তা একটি দায়িত্বশীল বিরোধীদলের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।'