অতিরিক্ত আইজিপি হলেন ৬ পুলিশ কর্মকর্তা, এনএসআইয়ে যাচ্ছেন দুই ডিআইজি
ছয় পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দুই ডিআইজিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদের সই করা দুটি প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার পদোন্নতির কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আকরাম হোসেনকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঢাকায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া ডিআইজি মো. সায়েদুর রহমান, মো. ইসরাইল হাওলাদার, মো. ইকবাল হোসেন ও মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সায়েদুর রহমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, ইসরাইল হাওলাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ইকবাল হোসেন পুলিশের বিশেষ শাখার ডিআইজি এবং কামরুল আহসান পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-ই-আলমের সই করা এক আদেশে দুই ডিআইজিকে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তারা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং বিশেষ শাখার ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।