প্রধানমন্ত্রী যাবেন তাই বালু দিয়ে ঢেকে দেওয়া হলো ২০ বছরের আবর্জনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের আগে সড়কের পাশে দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ বালুচাপা দিয়ে ঢাকা হয়েছে।
আজ শনিবার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে গিয়ে এমন চিত্র দেখা গেছে। কিশোরগঞ্জ সদরের খিলপাড়া এলাকায় মহাসড়কের পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ময়লার স্তূপ বালুচাপা দেওয়া হয়েছে।
আগামীকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষেই এ কাজ করা হয়েছে বলে স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বরত প্রশাসক জেবুন নাহার শাম্মী জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবেন।
একইসঙ্গে জেলা শহরের ভেতরের রাস্তাঘাটের আশপাশে জমে থাকা ময়লাসহ বাসাবাড়ির আঙ্গিনার ময়লাও সরানোর উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে পৌরসভার বিভিন্ন বাজার ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা পৌরসভার ট্রাকে করে এই সড়কের পাশে ফেলা হচ্ছে। সেখানে ময়লার স্তূপ জমে টিলার রূপ নিয়েছিল।
এছাড়া স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্যও সেখানে ফেলা হয়। খোলা আবর্জনার কারণে সড়ক ও আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং চরম জনদুর্ভোগ হয়।
ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ভৈরবগামী হাজারো যানবাহন ও পথচারী চলাচল করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত এক সপ্তাহ ধরে ময়লার কিছু অংশ সরানো হয়েছে এবং কিছু অংশ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
একই সড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায়ও ময়লার স্তুপ ছিল। সেখানেও বালু ফেলে ময়লা ঢেকে দেওয়া হয়েছে।
সরেজমিনে খিলপাড়া এলাকায় দেখা যায়, সড়কের পাশে ময়লার স্তুপ নেই। আগে যেখানে পথচারীসহ যাত্রীরা ময়লার তীব্র গন্ধ থেকে রক্ষা পেতে নাক চেপে চলাচল করত, সেখানে এখন সবাই স্বাচ্ছন্দভাবে চলাফেরা করছেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'ময়লা সরানোর জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি। এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঠিকই দ্রুত বালু চাপা দিয়ে ময়লা ঢেকে দিচ্ছে। এতে প্রমাণিত হয়, কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে জনদুর্ভোগ লাঘব করতে পারে। তবে শুনেছি এটা অস্থায়ীভাবে করা হচ্ছে। আমরা চাই স্থায়ীভাবে ময়লার বিষয়টি সমাধান হোক।'
পৌরসভার দায়িত্বরত প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, 'প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা ফেলার জায়গাটিতে আপাতত অস্থায়ীভাবে বালু চাপা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তবে এখানে স্থায়ীভাবে ময়লা নিরসনের একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। কিছুদিন পর হয়তো সেটা চালু করা যাবে।'
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কিশোরগঞ্জে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সকাল সাড়ে ১১টার দিকে মাছের পোনা অবমুক্ত করবেন। এরপর তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান ও সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।