৩ লাখ বেড়ে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ
গত দুই মাস ১৮ দিনে ভোটার তালিকায় নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন যুক্ত হয়েছেন। এতে স্থানীয় নির্বাচনে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন। এতে দেশে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।’
এর আগে চলতি বছরের ১৪ মে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সেসময় দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
আখতার আহমেদ বলেন, ‘পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনই আপাতত আমাদের মূল লক্ষ্য। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে বা কমিশন ভিন্ন কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকা সম্পূরক হিসেবে ব্যবহার করা হবে।’
স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের আচরণবিধির খসড়ায় নতুন কিছু বিধান যুক্ত করার পর তা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠান—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—অন্তর্ভুক্ত রয়েছে। তবে আইনি কাঠামো এখনো পাঠানো হয়নি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। কাজ শেষ হলে সেটিও পাঠানো হবে।’
আজ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে বলেও জানান ইসি সচিব। ইতোমধ্যে বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন।
এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলেও জানান আখতার আহমেদ।