বিরোধী দলের এমপিদের আসনে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ

স্টার অনলাইন রিপোর্ট

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সদস্যদের আসনে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’

তিনি জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাঁহের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরে হবে।’

মন্ত্রীর বিবৃতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য থাকলেও তিনি কখনো এ ধরনের বরাদ্দ পাননি।

তার ভাষায়, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।’

বাজেট-আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তিনি দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। নিজের নির্বাচনি এলাকা ভোলার সমস্যাও তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান স্পিকার।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সুবিচার’ করবেন।