সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
আজ সোমবার রাতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত ১৭ সদস্যের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ সংসদীয় কমিটির ১২ সদস্যের নাম সংসদে প্রস্তাব করেন।
সংসদে সদস্যদের নাম প্রস্তাব করার কয়েক মিনিট পরই বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।
বিরোধীদলীয় নেতা জানান, শুরু থেকেই তারা সংবিধান সংশোধনের বিশেষ সংসদীয় কমিটিতে যোগ দেওয়ার বিপক্ষে ছিলেন। চিফ হুইপ ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে এ কমিটিতে যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা কখনো বলিনি যে কমিটির জন্য সদস্যদের নাম দেবো। নীতিগতভাবেই আমরা এটি গ্রহণ করিনি। আমরা বলেছি, আমরা জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেমন ছিলেন বর্তমান সরকারি দল। নির্বাচনের আগে আমরা সবাই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম, ‘হ্যাঁ’ জয়ী হলে সেই রায় বাস্তবায়ন করব। সেই অঙ্গীকার থেকেই আমরা দুটি শপথ নিয়েছি—একটি সংসদ সদস্য হিসেবে এবং আরেকটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা মনে করি দুইটা শপথই বহাল আছে। ওই শপথকে পাশ কাটাতে যদি এ কমিটি করা হয় তাহলে এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি এবং আমাদের আগের অবস্থানেই আছি।’
বিশেষ সংসদীয় কমিটি গঠনকে জনগণের ইচ্ছার পরিপন্থী উল্লেখ করে রাত ৯টা ২৫ মিনিটের দিকে শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, গণতন্ত্র মানে জনগণের রায়কে সম্মান করা। ৬৮ দশমিক ৬ শতাংশের মতো জনসমর্থনকে যদি সহজেই উপেক্ষা করা হয়, তাহলে জনগণ শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা হারাবে না, বরং বিদ্রোহীও হয়ে উঠতে পারে।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জনগণের এই অভিপ্রায়কে কোনোভাবেই অগ্রাহ্য বা অপমান করা উচিত হবে না। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে আমরা এই কমিটিতে যোগ দেবো না এবং এই পর্বে অংশগ্রহণ করব না। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানো হচ্ছে না বিধায় আমরা ওয়াকআউট করছি।’