‘জনগণের রায় মানা হয়নি’, দ্বিতীয়বার বিরোধী দলের ওয়াকআউট

স্টার অনলাইন রিপোর্ট

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের তোলা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় কোনো সিদ্ধান্ত না হওয়ার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এর আগে সংসদের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

গতকাল মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বিষয়ে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।

আজ অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে মুলতবি প্রস্তাবের নিষ্পত্তি চান বিরোধীদলীয় নেতা। 

এরপর বাংলাদেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র তিনটি মুলতবি প্রস্তাব পাস হয়েছে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনারা ভালো করেই জানেন, যেসব বিষয় কেবল আইন প্রণয়নের মাধ্যমে সমাধান সম্ভব, সে বিষয়ে মুলতবি প্রস্তাব আনা যায় না। তবুও বিরোধীদের কথা বলার সুযোগ দিতে উদারভাবে এটি গ্রহণ করা হয়েছিল।’ 

‘আমি এটাও জানাতে চাই—আজ আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে। আপনাদের যদি এখনও কোনো বক্তব্য বাকি থাকে, আমি বলেছিলাম সেগুলো আগামীকালও তোলা যাবে। তবে আজও নতুন নোটিশ নিয়ে আলোচনায় আপনারা চাইলে বাধাহীনভাবে আরও কথা বলতে পারবেন,’ বলেন স্পিকার।

এরপর শফিকুর বলেন, ‘নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল—আমরা সবাই যে বিষয়ে একমত হয়েছিলাম, সেটিই আমরা সমর্থন করেছি ও প্রচারণা চালিয়েছি। কিন্তু আমরা প্রত্যাশিত প্রতিকার পাইনি। এটি শুধু আমাদের বিষয় নয়; এটি প্রমাণ করে যে জনগণের রায়কে সম্মান বা মূল্য দেওয়া হয়নি।’

‘বিরোধী দল হিসেবে আমরা এই অবহেলা মেনে নিতে পারি না। তাই প্রতিবাদস্বরূপ আমরা ওয়াকআউট করছি,’ বলেন বিরোধীদলীয় নেতা।

এ সময় স্পিকার বলেন, ‘আপনারা আমাকে বক্তব্য শেষ করতে দিলেন না, যদিও আমি আপনাদের পুরো বক্তব্য শুনেছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার, তবে আমি বলতে চাই যে অল্প সময়ের মধ্যেই আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে। আমি মনে করি, ওই আলোচনায় আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন এবং স্বাধীনভাবে বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।’

‘তাই আমার অনুরোধ, আপনারা থাকুন এবং শুনুন। এরপরও যদি ওয়াকআউট করতে চান, তা করতে পারেন। তবে প্রস্তাব বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে পারেন,’ স্পিকার আরও বলেন।

ওই নোটিশ প্রসঙ্গে এরপর বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা মনে করি এটি মূল নোটিশকে আড়াল করার জন্য আনা হয়েছে। এজন্যই আমরা প্রতিবাদস্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করছি।’

এরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।