পঙ্গু হাসপাতালে নিয়োগ ঘিরে উত্তেজনা, সহকারী পরিচালককে হুমকির অভিযোগ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এলাকায় আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে।

একদল ব্যক্তি আজ শনিবার হাসপাতালে এসে এক সহকারী পরিচালককে হুমকি-ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে একদল লোক হাসপাতালে এসে সহকারী পরিচালক রাশিদুল হাসানকে ঘেরাও করে মহড়া দিয়েছে এবং হুমকি-ধামকি দিয়েছে।’

তিনি জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঘটনার বিষয়ে শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ জানিয়েছে। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই।

ওসি বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পঙ্গু হাসপাতালের আশপাশের কিছু লোকজনই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৩৪১ জন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। ২০২৪ সাল থেকেই এ নিয়ে আলোচনা হচ্ছিল। বিশৃঙ্খলাকারীদের দাবি ছিল, এখানে আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের অন্তত ৩০ জনকে চাকরি দিতে হবে। এ নিয়েই উত্তেজনার সৃষ্টি হয়েছে।’

পুলিশ জানিয়েছে, আগামীকাল লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।