কুমিল্লায় সাড়ে ১০ ঘণ্টা ধরে পুলিশ হেফাজতে বিএনপি নেতা, থানা ঘেরাও কর্মীদের
কুমিল্লায় বিএনপির এক নেতাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এর প্রতিবাদে থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। পরে তাকে কোতোয়ালি মডেল থানা নেওয়া হয়।
রাত সাড়ে ১০টার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে ছাড়া হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিনিয়র অফিসারদের নির্দেশে রেজাউলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। ঠিক কী কারণে আটক করা হয়েছে, সেটা সিনিয়র অফিসাররা ভালো বলতে পারবেন।
ওসি তৌহিদুল বলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এদিকে, রেজাউলকে আটক করার প্রতিবাদে শাসনগাছা টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়।
জানতে চাইলে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম ডেইলি স্টারকে বলেন, পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক ডেইলি স্টারকে বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলকে থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।