দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই যানজট কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার নাজিরা বাজার ইউটার্ন থেকে সুয়াগাজি বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কের মেরামত কাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

এতে চট্টগ্রাম থেকে সিলেটগামী, ঢাকা থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং দক্ষিণের জেলা চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীগামী যাত্রীদের চার-পাঁচ ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।

সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন যাত্রী সুফিয়া বেগম। ডেইলি স্টারকে তিনি জানান, দুপুর ১২টার দিকে কুমিল্লার আলেখারচর এলাকায় আড়াই ঘণ্টা জ্যামে আটকে ছিলেন তিনি।

কুমিল্লার এশিয়া লাইন বাসের চালক জুয়েল রানা জানান, ঢাকা-কুমিল্লার দুই ঘণ্টার পথ অতিক্রম করতে এখন প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগছে।

বিকেল সাড়ে ৪টায় সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ডেইলি স্টারকে বলেন, ‘এই মুহূর্তে মহাসড়কের আমতলী এলাকার সড়কে অস্থায়ী মেরামত কাজ চলছে, বৈরী আবহাওয়ায় এখানে ভালোভাবে কাজ করা যাচ্ছে না।’

জ্যাম
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার অংশে যানজটের অবস্থা। ছবি: সংগৃহীত


দীর্ঘদিন ধরে চলমান মেরামত কাজ কেন শেষ হচ্ছে না—জানতে চাইলে তিনি বলেন, ‘মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপে কাজ করার পরিবেশ নেই। এছাড়া আমতলী এলাকায় রাস্তায় দুইপাশ উঁচু হওয়ায় বৃষ্টির পানি জমে থাকছে। তাই টেকসই কাজ করা যাচ্ছে না।

এছাড়া, সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও ইলিয়টগঞ্জ এলাকায় যানজট দেখা গেছে।

চান্দিনা থেকে ইলিয়টগঞ্জের পথে বিভিন্ন স্থানে স্বল্প দূরত্বে থাকা ইউটার্নগুলোয় গাড়ি ঘোরানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছে।