বৃষ্টিতে আজও ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, যানজট

স্টার অনলাইন রিপোর্ট

সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বেশ কয়েকটি প্রধান সড়ক ও আবাসিক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলছে ধীরগতিতে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রীন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মনিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশী এবং উত্তরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

গতকালের বৃষ্টির পানি নামতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেশ কিছু নিচু এলাকায় হাঁটুসমান পানি জমে থাকায় গাড়ির গতি কমে গেছে। তীব্র যানজট দেখা গেছে এসব এলাকায়।water logging

পানি জমে অলিগলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মূল রাস্তা দিয়ে হাঁটতে দেখা গেছে অনেক মানুষকে। এ সময় চলন্ত গাড়ি থেকে তৈরি ঢেউয়ে অনেক পথচারীকে নোংরা পানিতে ভিজতে হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থানের পেছনে ঢাকা গেট-সংলগ্ন মূল সড়কের দুই পাশেই জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

পানি জমে থাকায় বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র‍্যাম্পেও গাড়ির গতি ধীর ছিল। ইসিবি চত্বর এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা উড়ালসড়কের দিকে যাওয়া যানবাহনের গতিও কমে গেছে।

যানজট
সড়ক জলমগ্ন থাকায় বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে। ছবিটি আজ সকালে নিউমার্কেট এলাকায় তোলা। ছবি: প্রবীর দাশ

জমে থাকা বৃষ্টির পানি এবং ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলার কারণে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কেও যানবাহন চলছে ধীরগতিতে।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, দিনভর বৃষ্টি অব্যাহত থাকলে এসব এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে নগরবাসীকে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।