দ্বিতীয় দিনেও ঢাকার রাস্তায় ঢেউ, দেখুন ছবিতে
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে গতকাল রোববারের মতো আজও সকাল থেকেই ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
রাজধানীর অনেক প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি এখন হাঁটু সমান পানির নিচে। নিউ মার্কেট, বনানী, গ্রীন রোড, পান্থপথ, ধানমন্ডি, মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমেছে।
জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে থমে আছে যানের চাকা। একদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা, অন্যদিকে চলন্ত গাড়ির ছিটানো ময়লা পানিতে নাজেহাল হতে হচ্ছে পথচারীদের।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থানের পেছনে ঢাকা গেট-সংলগ্ন মূল সড়কের দুই পাশেই জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পানি জমে থাকায় বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র্যাম্পেও গাড়ির গতি ধীর ছিল। ইসিবি চত্বর এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা উড়ালসড়কের দিকে যাওয়া যানবাহনের গতিও কমে গেছে।
জমে থাকা বৃষ্টির পানি এবং ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলার কারণে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কেও যানবাহন চলছে ধীরগতিতে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, দিনভর বৃষ্টি অব্যাহত থাকলে এসব এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে নগরবাসীকে হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।