দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস

স্টার অনলাইন রিপোর্ট

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ মঙ্গলবার সকালে দেওয়া পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সৈয়দপুরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।