চট্টগ্রামে জলাবদ্ধতা নয়, জলজট তৈরি হয়েছিল: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

সম্প্রতি ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, বরং জলজট তৈরি হয়েছিল বলে দাবি করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কার্যপ্রণালীর ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, 'চট্টগ্রাম মহানগর পানির উপরে ভাসছে এরকম একটি বিষয় এসেছিল এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী তার প্রশ্নোত্তরের সময় চট্টগ্রাম মহানগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন।'

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম গিয়ে সরজমিন পরিদর্শন করেন বলেও জানান।

তিনি বলেন, 'আমি গতকাল চট্টগ্রামে গিয়েছি। সেখানে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ডসহ সবাইকে নিয়ে গতকাল ও আজ দুপুর পর্যন্ত চট্টগ্রাম ঘুরেছি।'

'বিষয়টি (জলাবদ্ধতা) সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক এবং ২০২৪ সালের ছবি প্রচার করে অপপ্রচার চালানো হয়েছে। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি...নগরবাসী বলেছে, দুই বছর আগে যে পরিমাণ জলাবদ্ধতা হতো, এখন সেটি নেই,' বলেন মীর শাহে আলম।

শাহে আলম
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

'চট্টগ্রাম নগরীতে ৫৭টি খাল আছে' উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'খালের কাজ করতে গিয়ে কিছু জায়গায় বেরিকেড বা বাঁধ নির্মাণ করা হয়েছিল। হঠাৎ অতিবৃষ্টির কারণে ওই বাঁধগুলির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল।'

'২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেদিন। এতে প্রবর্তক মোড়সহ ৫টি জায়গায় জলজট তৈরি হয়েছিল, জলবদ্ধতা না। ৩-৪ ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়েছে এবং আজ চট্টগ্রামে কোনো পানি নেই,' যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, 'আজ মেয়রের নেতৃত্বে সমন্বিত একটি কমিটি করে দিয়ে এসেছি। এই কমিটি আগামীতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আগামী বর্ষা মৌসুমে আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, বড় ধরনের কোনো বৃষ্টিপাত বা জলোচ্ছ্বাস না হয়, তাহলে চট্টগ্রাম মহানগরীতে জলবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।'