গ্যাস লিকেজ দুর্ঘটনা রোধে একসঙ্গে কাজ করবে ৩ মন্ত্রণালয়: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে সরকারের তিনটি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, ‘শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা এটা নিয়ে কাজ করতে চাই।’
আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে হাসপাতালে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামের হালিশহরে দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার খোঁজ নেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকালকে যেমন চট্টগ্রামের হালিশহরে ঘটেছে এবং আজকে আমরা খবর পেয়েছি যে, কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘মেয়াদোত্তীর্ণ যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোকে কীভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভেতরে তিন মন্ত্রণালয় বসে কাজ করব। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে যাতে কম ক্ষতি হয়, সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’
‘আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু সহায়তা দেওয়া দরকার, আমরা দেবো,’ যোগ করেন তিনি।