মাধবদীতে যুবকের বিরুদ্ধে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নরসিংদীর মাধবদীতে যুবকের বিরুদ্ধে এক কিশোরী (১৩) ও বাকপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত একই উপজেলার বাসিন্দা আওলাদ হোসেনকে (২৬) আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল থেকে তিনি পলাতক ছিলেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত আওলাদ সোমবার এক কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বাক-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।
ওসি জানান, প্রতিবন্ধী তরুণী ঘটনাটি তার মাকে জানানোর পর মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। ওই রাতেই ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে আওলাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে সেটি মামলায় পরিণত হয়।
ওসি কামাল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কিশোরী ও তরুণীর জবানবন্দি, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের জবানবন্দি মামলায় নথিভুক্ত করা হয়।’