গেন্ডারিয়ায় বন্ধুর রডের আঘাতে যুবক নিহত
রাজধানীর গেন্ডারিয়ায় বন্ধুর রডের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আব্দুল মান্নান (২৭) রাজমিস্ত্রীর কাজ করতেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে আঘাত পাওয়ার পর বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন আমির হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায়। মান্নান মাতুয়াইল এলাকায় বোনের বাসায় থাকতেন।
আজ সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় তিনি কাজে যান। দুপুরে সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সঙ্গে মোবাইলে গেম খেলছিলেন মান্নান। খেলাকে কেন্দ্র করে মহসিন হঠাৎ একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।
এরপর পথচারীরা মান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হয়েছে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক ইউসুফ আলী জানান, বিস্তারিত জানার চেষ্টা চলছে।