গাজীপুরে প্রতিবেশীর শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
গাজীপুরের কালীগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন রাতে শিশুটির পরিবার মামলা করলে অভিযুক্ত মো. শাহিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। আজ তাকে গাজীপুর আদালতে তোলা হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি স্থানীয় এক মাদ্রাসায় পড়ে। তার বাবা প্রবাসে থাকেন। সোমবার দুপুরে শিশুটি শাহিন মিয়ার বাড়িতে তার মেয়ের সঙ্গে খেলতে যায়। সেসময় তিনি তার নিজের মেয়েকে একটি ঘরে আটকে রেখে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি বাড়িতে পালিয়ে গিয়ে পরিবারকে জানালে তারা মামলা করেন। পরে পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে।