শহীদ মিনারের সামনে তরুণ হত্যার ঘটনায় আটক ৩
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব (২৫) হত্যার ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার পর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। গুলি চালানো ব্যক্তিরা খুলনা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।’
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাকিবুলকে গুলি ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রাকিবুলের বাবা তরিকুল ইসলাম খোকন ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলে করে শহীদ মিনার এলাকায় পৌঁছান।
মোটরসাইকেলটি পার্ক করার পর পাঁচ থেকে ছয়জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
মামলার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল।