স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, পাবনা

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে মরদেহ নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার উদ্দেশে অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

নিহত লিপি বেগম (৫০) বড়াইগ্রাম উপজেলার জুয়াইড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল ইসলাম। আজ সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা।

সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উদবাড়িয়া এলাকায় পৌঁছালে হাটিকুমরুলগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।

বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি বেগম। তিনি রফিকুলের স্ত্রীর বোন।

এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক শাকিল, রফিকুলের ছেলে রাফিন, শ্যালক নূরে আলম লিখন এবং লিপির ছেলে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রফিকুলের ভাই মো. খায়রুল ইসলাম তাদের পরিচয় নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন অসুস্থ থেকে রোববার রাতে মারা যান। দাফনের জন্য মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের আরেকজন সদস্য মারা গেলেন। চারজন হাসপাতালের বিছানায় জীবনের সঙ্গে লড়াই করছেন। ভাইয়ের শোকের মাঝেই এখন অন্য স্বজনদের জীবন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে।’

ঘটনার পর থেকে ট্রাকচালক ও হেলপার পলাতক। এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।