চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
গত রাতে উপজেলার ভেল্লাপাড়া ক্রসিংয়ের কাছে তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের কারণে দুটি বাহনই দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির আরেক কর্মকর্তা পরিতোষ দাশ জানান, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।