আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে এ আর রহমানের গানে শাহরুখ খান
প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক ভিডিও তৈরি করছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ‘আশা ফরএভার’ নামের এই ভিডিওতে দেখা যাবে বলিউড তারকা শাহরুখ খানকে।
চলতি বছরের ১২ এপ্রিল মারা যান আশা ভোঁসলে। এই কিংবদন্তি শিল্পীর সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক ছিল বেশ আন্তরিক। বিভিন্ন সময় তিনি আশা ভোঁসলের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়েছেন।
আশা ভোঁসলের অসাধারণ সংগীতজীবনকে স্মরণ করতেই এই মিউজিক ভিডিও তৈরি করছেন সুরকার এ আর রহমান। বিশ্ব সংগীত দিবসে এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আর রহমান জানান, এই বিশেষ আয়োজনে শাহরুখ খানও থাকছেন।
গানটিতে এ আর রহমানের পাশাপাশি আরও কয়েকজন শিল্পীর কণ্ঠ থাকবে। এর সঙ্গে ব্যবহার করা হবে আশা ভোঁসলের পুরোনো রেকর্ড করা কণ্ঠও।
এক্সে দেওয়া পোস্টে শাহরুখ খানকে এ আয়োজনে অংশ নিতে রাজি হওয়ায় ধন্যবাদ জানান রহমান। তিনি লেখেন, আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে তৈরি এই মিউজিক ভিডিওতে অংশ নিতে রাজি হওয়ায় প্রিয় শাহরুখ খানকে আন্তরিক ধন্যবাদ।
জুনে এই গানের টিজার প্রকাশ করেছিলেন এ আর রহমান। সেখানে গানটি তৈরির কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে কয়েকজন শিল্পীকে একসঙ্গে দেখা যায়। সবাই মিলে ভারতীয় সংগীতে আশা ভোঁসলের অসাধারণ অবদানকে স্মরণ করছেন।
এ আর রহমান জানান, আশা ভোঁসলে জীবিত থাকতেই এই শ্রদ্ধা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রজন্ম, ভাষা ও দেশের সীমানা পেরিয়ে যাওয়া একটি কণ্ঠকে উদ্যাপন করতেই এই আয়োজন।
তিনি আরও জানান, তারা আশা করেছিলেন, আশা ভোঁসলে নিজেই এই ভালোবাসা ও কৃতজ্ঞতার আয়োজনটি দেখতে পারবেন।
টিজারের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি হলো আশা ভোঁসলের নিজের উপস্থিতি। গানটির কাজ চলার সময় তিনিও এতে অংশ নিয়েছিলেন। টিজারে তাকে এ আর রহমান ও অন্য শিল্পীদের সঙ্গে স্টুডিওতে গান রেকর্ড করতে দেখা যায়।
গানটিতে নিজেও কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। টিজারের বিভিন্ন অংশে তাকে দেখা যায়। তিনি অন্য শিল্পীদের সঙ্গে কাজ করছেন এবং পুরো সংগীত আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন।
এই কাজকে আশা ভোঁসলের প্রতি ছোট শ্রদ্ধার্ঘ্য হিসেবে উল্লেখ করেছেন রহমান। তিনি বলেন, বিভিন্ন ধরনের শিল্পী, সংগীতের ধারা ও সুরকে একসঙ্গে আনা হয়েছে এই আয়োজনে। এর মধ্য দিয়ে আশা ভোঁসলের অসাধারণ সংগীতজীবনকে স্মরণ করা হচ্ছে।
এ আর রহমান আশা প্রকাশ করেন, আশা ভোঁসলের গান আগামী প্রজন্মের মানুষকেও অনুপ্রাণিত করবে।